জলাবদ্ধতা: প্রকৃতির নয়, মানুষের সৃষ্টি

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
জলাবদ্ধতা: প্রকৃতির নয়, মানুষের সৃষ্টি

ঢাকায় বর্ষা এখন আর শুধু একটি ঋতুর নাম নয়; এটি একটি বার্ষিক পরীক্ষার নাম। আকাশে মেঘ জমলেই নগরবাসী বুঝে যায় আজ আবার কোথাও না কোথাও রাস্তা নদী হবে, গলি খাল হবে, আর মানুষের দৈনন্দিন জীবন থমকে দাঁড়াবে।


সাম্প্রতিক ভারী বৃষ্টিতে রাজধানীর বহু এলাকা পানিতে তলিয়ে যায়। কর্মজীবী মানুষ কর্মস্থলে পৌঁছাতে পারেননি, যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিল, আর এইচএসসি পরীক্ষার্থীদের অনেকেই কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। তাদের জন্য পরীক্ষা শুধু প্রশ্নপত্রের ছিল না, ছিল শহরের অব্যবস্থাপনার সঙ্গেও এক অসম লড়াই।


প্রশ্ন হচ্ছে, প্রতি বছর একই দৃশ্য কেন ফিরে আসে?


এর উত্তর খুঁজতে খুব দূরে যেতে হয় না। গত কয়েক দশকে ঢাকার অসংখ্য খাল, জলাশয় ও নিচু জমি ভরাট হয়েছে। যে জলাভূমিগুলো একসময় অতিরিক্ত বৃষ্টির পানি ধারণ করত, সেগুলোর জায়গায় এখন কংক্রিটের ভবন, আবাসন প্রকল্প ও সড়ক। প্রকৃতি থেকে পানি ধারণের জায়গা কেড়ে নেওয়া হয়েছে, অথচ সেই পানির জন্য বিকল্প পথ তৈরি করা হয়নি।


গবেষণা বলছে, ঢাকার প্রাকৃতিক জলাধার ও জলাভূমির বড় অংশ ইতোমধ্যে হারিয়ে গেছে। বহু খাল দখল, ভরাট কিংবা বর্জ্যে বন্ধ হয়ে কার্যকারিতা হারিয়েছে। ফলে অল্প সময়ে বেশি বৃষ্টি হলেই পানি বের হওয়ার পথ খুঁজে পায় না। তখন সেটি রাস্তাতেই আটকে থাকে।


দুঃখজনক বিষয় হলো, সমস্যাটি নতুন নয়। বহু বছর ধরেই বিভিন্ন মাস্টারপ্ল্যান, সমীক্ষা ও গবেষণায় একই ধরনের সুপারিশ করা হয়েছে খাল উদ্ধার করতে হবে, জলাধার সংরক্ষণ করতে হবে এবং প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। কিন্তু বাস্তবায়নের গতি সেই তুলনায় অত্যন্ত ধীর।


এদিকে প্রতি বছর জলাবদ্ধতা নিরসনের নামে বিপুল অর্থ ব্যয় হয়। নতুন প্রকল্প আসে, নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু প্রথম বড় বৃষ্টিতেই স্পষ্ট হয়ে যায়, সমস্যার মূল কারণগুলো এখনো অমীমাংসিত।


জলাবদ্ধতা কেবল একটি প্রকৌশলগত সমস্যা নয়; এটি পরিকল্পনা, সুশাসন এবং জবাবদিহিরও প্রশ্ন। যখন খাল দখল হয়, জলাশয় ভরাট হয় কিংবা নগর পরিকল্পনা উপেক্ষিত হয়, তখন তার মূল্য একদিন পুরো শহরকেই দিতে হয়।


সবচেয়ে বেশি কষ্ট পায় সাধারণ মানুষ। অফিসগামী কর্মী, রিকশাচালক, দোকানি, রোগী, শিক্ষার্থী সবাই একই ভোগান্তির শিকার হন। একটি আধুনিক রাজধানীতে মানুষের ন্যূনতম প্রত্যাশা থাকে, বৃষ্টি হলে শহর থেমে যাবে না। কিন্তু বাস্তবতা এখনো সেই প্রত্যাশার অনেক দূরে।


প্রকৃতির একটি সহজ নিয়ম আছে পানি সবসময় তার পথ খুঁজে নেয়। আমরা যদি সেই পথ দখল করি, তাহলে একদিন পানি আমাদেরই পথ দখল করবে। তাই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাইলে সাময়িক পাম্পিং বা আশ্বাস যথেষ্ট নয়। প্রয়োজন দখলমুক্ত খাল, সংরক্ষিত জলাধার, বৈজ্ঞানিক নগর পরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছা।


কারণ শেষ পর্যন্ত সত্য একটাই: পানি কখনো পথ ভুলে না; ভুলে মানুষ। 


লেখা: 

মোঃ জাহেরুল ইসলাম 

শিক্ষার্থী, ঢাকা কলেজ