কেন বিয়ে করেননি সাইফ আলী খানের বোন সাবা
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউড তারকা সাইফ আলী খান ও সোহা আলী খানকে সবাই চেনেন। তবে তাঁদের বড় বোন সাবা আলী খান দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন। পেশায় গয়না নকশাকার সাবা এবার নিজের ব্যক্তিগত জীবন ও অবিবাহিত থাকার কারণ নিয়ে মুখ খুলেছেন।
অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক প্রয়াত মনসুর আলী খান পতৌদির জ্যেষ্ঠ সন্তান সাবা। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়া ও তাঁর স্বামী অঙ্গদ বেদীর একটি ভ্লগে অংশ নিয়ে নিজের বিয়ে ও সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।
সাবা জানান, জীবনে তাঁর কখনো প্রেমিক ছিল না। ১৮-১৯ বছর বয়স থেকেই পরিবার থেকে বিয়ের জন্য বিভিন্ন মানুষের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তবে কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি তিনি।
সাবার ভাষায়, ১৯ বছর বয়সে কলকাতায় পরিচিত এক ব্যক্তির সঙ্গে তাঁর প্রায় বিয়েই হয়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়েতে গড়ায়নি। কারণ তখন তিনি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।
পরে বিয়ের জন্য প্রস্তুত হলেও মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাননি বলে জানান সাবা। তাঁর মতে, জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষ প্রয়োজন, যার সঙ্গে মানসিকভাবে সম্পূর্ণ মিল রয়েছে।
জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তাঁর প্রয়াত বাবা মনসুর আলী খান পতৌদির প্রভাবও ছিল বলে জানান সাবা। বাবাকে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী উল্লেখ করে তিনি বলেন, তাঁর বাবা ছিলেন অমায়িক, দায়িত্বশীল ও মানবিক। বাবাই তাঁকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন।
সাবা বলেন, বাবার মতো হুবহু কাউকে খোঁজার বিষয় ছিল না। তবে তাঁর বাবা ছিলেন তাঁর কাছে অনন্য। ফলে জীবনসঙ্গী বেছে নেওয়ার বিষয়টি সহজ ছিল না।
নিজের প্রত্যাশা বোঝাতে গিয়ে সাবা অভিনেত্রী তাপসী পান্নুর একটি মন্তব্যের কথাও উল্লেখ করেন। তাপসীর বক্তব্য ছিল, ‘আমার কোনো ছেলের প্রয়োজন নেই, আমার একজন পরিপক্ব পুরুষ প্রয়োজন।’ এই কথাটি সাবার মনে গভীর প্রভাব ফেলেছিল। তবে এমন মানুষ তিনি এখনো খুঁজে পাননি বলে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন সাবা। তবে মাঝেমধ্যে পতৌদি পরিবারের পুরোনো ছবি ও স্মৃতি প্রকাশ করে ভক্তদের নজর কাড়েন তিনি।
ভাই সাইফ আলী খান ও ভাবি কারিনা কাপুর খানের বিবাহবার্ষিকীতেও একবার বিশেষ পোস্ট করেছিলেন সাবা। সেখানে তিনি তাঁদের সম্পর্কের রসায়ন, পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসার প্রশংসা করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনাও তৈরি করেছিল।
এমকে/বিএম২৪









