‘আন্ধার’-এ রেহানের রহস্যময় ফার্স্ট লুক প্রকাশ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম
‘আন্ধার’-এ রেহানের রহস্যময় ফার্স্ট লুক প্রকাশ

সূত্রঃ ফাইল ছবি

বিনোদন ডেস্ক



নতুন সিনেমা নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ তৈরি করতে সক্ষম নির্মাতা রায়হান রাফী। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই তার নির্মিত ‘আন্ধার’ সিনেমা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এবার শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করে সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘হিমেল’-এর আনঅফিশিয়াল লুক সামনে আনলেন নির্মাতা।


সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ ফ্যাশন মডেল ও অভিনেতা ফারুক আহমেদ রেহানের ছবি শেয়ার করে রাফী জানান, ‘হিমেল’ চরিত্রের জন্য উপযুক্ত মুখ খুঁজে পেতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। এমন একজন নতুন মুখের প্রয়োজন ছিল, যাকে নিয়ে দর্শকদের আগে থেকে তেমন কোনো ধারণা নেই। বড় পর্দায়ই যার সঙ্গে দর্শকদের প্রথম পরিচয় হতে পারে।


নতুন মুখ নিয়ে কাজ করার ঝুঁকির কথাও তুলে ধরেছেন রাফী। তার ভাষ্য, নতুন অভিনয়শিল্পীদের অভিজ্ঞতা তুলনামূলক কম থাকায় চরিত্রের নানা আবেগ যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থাকে। তবে সেই ঝুঁকি নিয়েই কাজ করেছেন তিনি এবং তার বিশ্বাস, সেই পরীক্ষায় তারা সফল হয়েছেন।


রেহানের প্রশংসা করে রাফী বলেন, ফারুক আহমেদ রেহান একজন ফ্যাশন মডেল ও অভিনেতা। তবে ‘আন্ধার’-এর পর দর্শক তাকে মূলত অভিনেতা হিসেবেই বেশি চিনবেন। সিনেমাটিতে ‘হিমেল’ চরিত্রে রেহানকে উপস্থাপন করছেন তিনি।


রাফীর এই ঘোষণা এবং রেহানের রহস্যময় লুক প্রকাশের পর ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। এখন বড় পর্দায় নতুন এই মুখ ও চরিত্র কতটা সাড়া ফেলতে পারে, সেটিই দেখার অপেক্ষা।



এমকে/বিএম২৪