মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম
মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা

ডেস্ক রিপোর্ট:

আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুনের তৃতীয় রোববার পালন করা হয় দিবসটি। এদিন সন্তানরা বিভিন্নভাবে তাদের বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন। সেই প্রেক্ষিতে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও বাবাকে নিয়ে ভালোবাসা প্রকাশ করেন। একইসঙ্গে বাবাকে নিয়ে বিভিন্ন স্মৃতি ভাগ করে নেন। এবার দিবসটিকে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে স্মৃতিচারণা করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

রোববার (২১ জুন) তৌসিফ মাহবুব ফেসবুক ভেরিফায়েড পেজে বাবার সঙ্গে নিজের তোলা একটি ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘১৯৯৩ সালে যখন আব্বুর ব্যবসা থেকে মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলেন।’

বাবার এই ত্যাগের উদ্দেশ্য যে তাকে নিয়ে ছিল, সেটি স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘বাবার একটাই স্বপ্ন ছিল, তার ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে, আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা। আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তার অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয়; এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।’

বর্তমান সময়ে এসে এ অভিনেতা লিখেছেন, ‘আজ আমি তার সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি, জানি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু।’

তৌসিফ মাহবুব লিখেছেন, ‘তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস, আজীবন বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।’

সূত্র- চ্যানেল ২৪