কক্সবাজারে ইয়াবাসহ দম্পতি আটক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১১:০৮ পিএম
কক্সবাজারে ইয়াবাসহ দম্পতি আটক

নুরুল আমিন হেলালী,  কক্সবাজার প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজারে ১৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি দম্পতিকে আটক করেছে সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ। ব্যস্ত সড়ক কক্সবাজার সদর হাসপাতালের সামনে স্বাভাবিকভাবেই মানুষের ভিড় থাকে। কেউ চিকিৎসা নিতে আসেন, কেউ স্বজনের খোঁজ নিতে। বিশ্বস্ত সুত্রে জানা যায়, হাসপাতাল সড়কের ভিড়ের মধ্যেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল আটককৃত ওই দম্পতি।

গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার পুলিশ পুলিশ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক করা হয়। তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

রোববার (২১জুন)রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আয়েশা (২৭) ও জাগির হোসেন (৩০) নামে ওই দম্পতিকে আটক করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সিএনজি যোগে টেকনাফ থেকে আসা স্বামী-স্ত্রীকে ১৭ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এতে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। শহরের মাদক নির্মুলে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এছাড়া আজ কক্সবাজার বিমান বন্দরে নভোএয়ারের এক নারী যাত্রীর ব্যাগ স্ক্যানিংয়ের সময় তার ল্যাপটপ ব্যাগের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা উদ্ধারসহ ওই নারী মাদক কারবারি আটক হয়েছে বলেও জানা গেছে।