পরোয়ানাভুক্ত দুই আসামি পুলিশের জালে, মাদক মামলার সাজাপ্রাপ্তও গ্রেপ্তার
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে পরিচালিত এসব অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চিংগুড়ি গ্রামের আকরাম আলী শেখের ছেলে তরিকুল ইসলাম শেখ দীর্ঘদিন ধরে একাধিক মাদক মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মোট তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং একটি মামলায় দেড় বছরের সাজাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানার এসআই দিবাকর ও এএসআই সজল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করেন।
এদিকে একই দিনে যৌতুক নিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার পার ডুমুরিয়া গ্রামের এস এম ইউসুফের ছেলে রবিউল ইসলাম রবিকে আটক করা হয়। ডুমুরিয়া পুলিশ ক্যাম্পের এসআই আতিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটির পরোয়ানা কার্যকর না হওয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর দুই আসামিকে থানায় নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে দুপুরের পর তাদের বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, “আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে আদালতের নির্দেশনা অনুযায়ী পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কোনো আসামিই আইনের হাত থেকে রেহাই পাবে না।”
তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে চিতলমারী থানা পুলিশ দিন-রাত কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও পরোয়ানা তামিলের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।









