"মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি শুধু কথায় নয়, বাস্তবে রূপায়ন করবো" -নবাগত পুলিশ সুপার, ঝিনাইদহ

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১০:৫৬ পিএম
"মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি শুধু কথায় নয়, বাস্তবে রূপায়ন করবো" -নবাগত পুলিশ সুপার, ঝিনাইদহ

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি :

ঝিনাইদহ জেলাকে শান্ত, নিরাপদ এবং অপরাধমুক্ত রাখতে মাদক-সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস্ বিন হাসান। 

রবিবার (২১ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়ে বলেন, "মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এটি কেবল কথায় নয়, বাস্তবে করে দেখানো হবে। ঝিনাইদহকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, তার সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ঝিনাইদহে শিশু নির্যাতন, চরমপন্থী দমন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম এবং চাঁদাবাজির মতো গুরুতর অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর থাকবে। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "কোনো ব্যক্তির দায় পুলিশ নেবে না। আমি এখানে কাজ করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব।"

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলাবাসীর সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানান তিনি। এক পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ ইকবাল কাজল ছাড়াও, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, 

দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, একুশে টিভির এম রায়হান, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল, চ্যানেল ২৪ সাদ্দাম হোসেন ডেইলি স্টার পত্রিকার ওমর আলী সোহাগ, জিটিভির ওলিয়ার রহমান, বৈশাখী টিভির রফিকুল ইসলাম আহম্মেদ, বাসস প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের সংবাদদাতা আহসান কবিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।