‘আলোর ঘর’ ফ্রি-টিউশন হোম অ্যান্ড স্কুলের মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
‘আলোর ঘর’ ফ্রি-টিউশন হোম অ্যান্ড স্কুলের মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ তানজু আহমেদ, ‎ রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

‎লক্ষ্মীপুরের রায়পুরে সুবিধাবঞ্চিতসহ সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য পরিচালিত ‘আলোর ঘর’ ফ্রি-টিউশন হোম অ্যান্ড স্কুলের মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎জানা যায়, ২০১৮ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ফর বাংলাদেশ’-এর উদ্যোগে প্রতিষ্ঠানটি বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মাধ্যমে এলাকার অসংখ্য শিক্ষার্থী নিয়মিত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে, যা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ‘আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম জাকির হোসাইন এবং ‘ব্লাড ফর বাংলাদেশ’-এর সভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম।

‎আলোর ঘরের পরিচালক বায়েজীদ বোস্তামী সোহাগের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘আলোর ঘর’ যে ভূমিকা রাখছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।”

‎তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় এ ধরনের বিনামূল্যের শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব এবং ‘আলোর ঘর’ ভবিষ্যতে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

‎অন্যান্য বক্তারা বলেন, ‘ব্লাড ফর বাংলাদেশ’ দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষাক্ষেত্রে তাদের এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর আহ্বান জানান তারা।

‎সভায় অভিভাবকরা শিক্ষার্থীদের অগ্রগতি, নিয়মিত উপস্থিতি এবং মানসম্মত শিক্ষাদান অব্যাহত রাখার বিষয়ে মতামত ব্যক্ত করেন।