ইউপি মেম্বারের পৈশাচিক নিষ্ঠুরতার শিকার সেলিম বাবু চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
ইউপি মেম্বারের পৈশাচিক নিষ্ঠুরতার শিকার সেলিম বাবু চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

নাছির নোমান, ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে নুর মোহাম্মদ মেম্বারের নেতৃত্বে সংঘটিত বর্বর অমানবিক নির্যাতনের শিকার সেলিম বাবু অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গত ১৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মধ্যম নাপিতখালী এলাকার সোলাইমান ড্রাইভারের ছেলে সেলিম বাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির নাঠক সাজিয়ে চিংড়ি ঘেরে চালানো হয় নৃশংস নিষ্ঠুর নির্যাতন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ,

নির্যাতনের এক পর্যায়ে সেলিম বাবুর কাছ থেকে জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, সেলিম বাবুর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তার দুটি কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—স্থানীয় মেম্বার নূর মোহাম্মদ (৫৮), তার ছেলে আতা উল্লাহ (২৮), মোবারক (৩০), রমিজ (৩২), মনজুর আলম (৩৫), আবু নোমান (আজুমান) (২৭) এবং কালা বেলাল (৩২)।

এদিকে, গত ২৬ এপ্রিল সেলিম বাবুর মা দিলদার বেগম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হবে।