বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলামের প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে যুবদলের মানববন্ধন
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামকে প্রত্যাহারের দাবিতে মহানগর যুবদলের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এ কর্মসূচি শেষে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। কমিশনার ছুটিতে থাকায় তার পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আল মামুন স্মারকলিপি গ্রহণ করেন।
মানববন্ধনে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য দিয়ে অভিযোগ করেন, সম্প্রতি মোটর শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রকৃত আসামিদের আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদল নেতা নিজাম আলীকে গ্রেফতার করা হয়েছে। তারা দাবি করেন, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চন্দ্রিমা থানার ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণের যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম আলীকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
বক্তাদের ভাষ্য অনুযায়ী, টার্মিনাল এলাকায় সংঘর্ষের মূল অভিযুক্ত বাসচালক মিজানুর রহমান মিজান হলেও তাকে গ্রেফতার না করে রাজনৈতিক উদ্দেশ্যে নিজাম আলীকে আসামি করা হয়েছে। এমনকি মামলার বাদী মো. আবুল কাশেম টুলুও থানায় উপস্থিত হয়ে নিজাম আলী ওই মামলার আসামি নন বলে জানালেও তাকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মানববন্ধনে আরও বলা হয়, বোয়ালিয়া থানা এলাকায় মাদক, কিশোর গ্যাং, হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা বাড়লেও সেগুলো প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে দাবি করেন বক্তারা।
তারা দ্রুত ওসি রবিউল ইসলামকে প্রত্যাহারসহ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুন বলেন, “পুলিশ কমিশনার স্যার ছুটিতে রয়েছেন। তিনি দায়িত্বে ফিরে এলে স্মারকলিপির বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”








