নরসিংদীর শীলমান্দীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
মোঃ মাসুদ রানা।নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার শীলমান্দী এলাকায় ফাহিম মিয়া (১৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শীলমান্দী এলাকার জহিরুলের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত ফাহিম মিয়া সদর উপজেলার মধ্য শীলমান্দী এলাকার বাসিন্দা রুহুল আমীন ও বিউটি বেগম দম্পতির ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, ফাহিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তাদের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রেখে যায়। তবে ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শত শত মানুষ ভিড় করেন। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবার ও এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত, গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকে শীলমান্দী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।









