খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ, রাতভর অভিযানের পর শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০২:২২ পিএম
খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরের আক্রমণ, রাতভর অভিযানের পর শিশুর লাশ উদ্ধার

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের হামলায় প্রাণ হারিয়েছে ফাতেমা আক্তার (৮) নামে এক শিশু। সোমবার রাতে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার ভোরে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের নারী ঘাটে গোসল করতে নামে ফাতেমা। এ সময় একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পর মাজার কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। রাতভর অনুসন্ধানের পর মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে দিঘির ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছিল। চারটি নৌকার সাহায্যে রাতভর তল্লাশি চালানোর পর ভোরে মরদেহ পাওয়া যায়।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মো. হাসান নাসের ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়দের দাবি, মাজারের দিঘিতে কুমির থাকলেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে দর্শনার্থী ও স্থানীয়রা প্রায়ই ঝুঁকি নিয়ে পানিতে নামেন। এ ঘটনায় নিরাপত্তা জোরদার এবং দিঘিতে কুমির রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত বলেন, ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। এ বিষয়ে মাজার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।