জালালাবাদে ছুরিকাঘাতে যুবক নিহত, মূল অভিযুক্ত আটক
নাছির নোমান, ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে ছুরিকাঘাতে আব্দুল হামিদ নামে এক যুবকের
মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০ টার দিকে ইউনিয়নের দক্ষিণ লরাবাক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ দক্ষিণ লরাবাক এলাকার আবুল কালামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ছিদ্দিকের ছেলে শামীমের কাছে মোবাইল মেরামতের বাবদ পাওনা এক হাজার টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে শামীম ধারালো অস্ত্র দিয়ে হামিদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন হামিদ। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ মূল অভিযুক্ত শামীমকে আটক করে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, “হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে ঘটনার এক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরও দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








