ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, শেষ রক্ষা হলো না গৃহবধূর
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে নিজ বাড়ির বারান্দায় অবস্থানকালে কল্পনা রানী মল্লিককে একটি বিষধর কালাচ সাপ দংশন করে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা স্থানীয় ওঝার মাধ্যমে সনাতন পদ্ধতিতে চিকিৎসার চেষ্টা করেন।
কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে মঙ্গলবার (২ জুন) সকালে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরবর্তীতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন বলেন, সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।








