সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৮:১৭ পিএম
সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

 আতিকুজ্জামান,  (শার্শা) যশোর প্রতিনিধি:

যশোর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

শনিবার (১৩ জুন) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৯ হাজার ৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে

১৭টি ভারতীয় শাড়ী,১০টি কম্বল,১২টি ঘড়ি,৪ কেজি জিরা,১কেজি কিসমিস,,৬ কেজি ফুসকা,৪৫টি বিভিন্ন খাদ্য সামগ্রী,২১টি স্টিলের প্লেট ও চামচ,২৪টি ওষুধ,১৫৫টি চকলেট এবং ২০৮টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, "দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।"

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সবসময় অব্যাহত থাকবে।