শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
আতিকুজ্জামান, (শার্শা)যশোর প্রতিনিধি:
যশোরের শার্শায় নিজের জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শহিদুল ইসলাম শহীদ (৫৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত নূর মোহাম্মদ সৈয়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শহিদুল ইসলাম খলিশাখালী পূর্বপাড়া এলাকার নিজ ফসলি মাঠে (মল্লিক চাঁনের পাট ক্ষেত) কাজ করছিলেন। মাঠের সেচ কাজের জন্য বসানো পানির মটরের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম একজন পরিশ্রমী কৃষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









