রাজশাহীতে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা-চোলাই মদ উদ্ধার

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
রাজশাহীতে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা-চোলাই মদ উদ্ধার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর তিনটি থানায় পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— বোয়ালিয়া থানার হাদির মোড় বাজে কাজলা এলাকার মৃত আ. মজিদের ছেলে মো. জাফর মিয়া (৬৫), চারঘাট উপজেলার পাষুন্ডিয়া গ্রামের মো. এমদাদের ছেলে মো. ইমন (২৫) এবং কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গোলজারবাগ এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. রবিন হোসেন (৩২)।

পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানার হাদির মোড় এলাকায় অভিযান চালিয়ে জাফর মিয়াকে আটক করা হয়। একই দিন বেলা ১১টার দিকে রাজপাড়া থানাধীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বেলা সোয়া ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গোলজারবাগ এলাকা থেকে রবিনকে আটক করা হয়।

অভিযানকালে কাশিয়াডাঙ্গা থানার আদাড়িয়াপাড়া এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. বাদল (৪০) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান। পরে তার ফেলে যাওয়া ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১০৩ গ্রাম গাঁজা, ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৭০ টাকা নগদ জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ইমনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় পেনাল কোডে ১০টি, মাদকদ্রব্য আইনে ১টি এবং পাবনার ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে ১টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।