চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহীর চারঘাট উপজেলায় স্বামীকে পিটিয়ে গুরুতর আহত করার পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী আশরাফুল ইসলাম (৩৫) নামে একজনকে আসামি করে চারঘাট থানায় মামলা দায়ের করেছেন। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জীবিকার তাগিদে ট্রেন ও স্টেশনে পপকর্ণ বিক্রি করেন ওই দম্পতি। মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো তারা কাজের উদ্দেশ্যে বের হন। দিনভর বিভিন্ন স্টেশনে বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে খাবার খাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম তাদের ওপর অতর্কিত হামলা চালান। প্রথমে স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় এবং পপকর্ণ বিক্রির নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। প্রাণভয়ে তিনি সেখান থেকে পালিয়ে গেলে অভিযুক্ত ওই নারীকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

ভুক্তভোগী স্বামী জানান, হামলার সময় তিনি চিৎকার করলেও আশপাশে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয় কয়েকজন এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন এবং স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তের পরিচয় জানতে পারেন।

সরদহ রেলস্টেশনের স্টেশনমাস্টার ইকবাল কবির বলেন, ঘটনাটি গভীর রাতে স্টেশনের পাশে ঘটলেও তাৎক্ষণিকভাবে তাদের নজরে আসেনি। পরে বিষয়টি জানার পর পুলিশকে অবহিত করা হয়।

চারঘাট থানার ওসি আব্দুল মালেক জানান, ঘটনার পর ভুক্তভোগীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।