বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি :

ঝিনাইদহ জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের র‌্যালি ও আলোচনা সভা। "আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন" স্লোগানকে সামনে রেখে বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেসময়, জেলা প্রশাসকের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় শব্দদূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক একটি প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শব্দদূষণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান।

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে, পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মো. কামরুজ্জামান। এছাড়াও, উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন মসজিদের ইমাম ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

শব্দদূষণ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্বাস্থ্য সচেতনায় গুরুত্বারোপ করে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, 

"শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দ দূষণ রোধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে। হাইড্রোলিক হর্ণ, লাউড স্পিকার ও উচ্চ শব্দে মাইকিং বন্ধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।"