পুঠিয়ায় খাদ্যবান্ধব চাল বিক্রিকেন্দ্র বন্ধের অভিযোগ, চাঁদাবাজদের বিরুদ্ধে লিখিত অভিযোগ
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বাশপুকুর বাজার এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির একটি চাল বিক্রিকেন্দ্র জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ডিলার ওয়াহেদ আলী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, সরকার নির্ধারিত মূল্যে নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিক্রি করে আসছিলেন ডিলার ওয়াহেদ আলী। তবে কিছুদিন ধরে একটি প্রভাবশালী চক্র তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখানো হয়।
ডিলারের দাবি, গত ২৬ এপ্রিল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লিটন (পিতা: আসলাম), মোস্তাকিন (পিতা: মৃত আজিমুদ্দিন) ও আশরাফুল (পিতা: এছা) নামের কয়েকজন তাকে হুমকি দেয়। তারা দাবি করে, জিয়া (পিতা: হযরত শাহ) তাদেরকে চাঁদা আদায়ের জন্য পাঠিয়েছে। বিষয়টি জানতে চাইলে তারা তার সঙ্গে দুর্ব্যবহার করে।
পরবর্তীতে ওই চক্র বিক্রিকেন্দ্রে গিয়ে চাঁদা দাবি করে এবং না পেয়ে কেন্দ্রটি জোরপূর্বক বন্ধ করে দেয় বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে পুনরায় চাল বিক্রি করলে কঠোর পরিণতির হুমকি দেওয়া হয়। এতে করে এলাকার দরিদ্র জনগোষ্ঠী সরকার নির্ধারিত দামে চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ঘটনায় ডিলার ওয়াহেদ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিক্রিকেন্দ্র পুনরায় চালুর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে চাল বিক্রি স্বাভাবিক করার দাবি জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









