মহেশপুর নামাপাড়া রয়েল স্টাইকার্স ক্লাব এর শুভ উদ্বোধন
মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি :
জামালপুর সদর উপজেলার মহেশপুর নামাপাড়ায় মাদকমুক্ত, সচেতন ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে “মহেশপুর নামাপাড়া রয়েল স্টাইকার্স ক্লাব”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির শুভ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান, উপ-প্রধান যন্ত্র প্রকৌশলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং সভাপতি, মহেশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জামালপুর সদর।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান বলেন, বর্তমান সমাজে তরুণদের মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সামাজিক সংগঠন ও মানবিক কার্যক্রমের বিকল্প নেই। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে তাদেরকে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, একটি সুন্দর সমাজ গঠনে শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাও প্রয়োজন।
তিনি ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “এই ক্লাব শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি তরুণদের ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ৯ নং রানাগাছা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুখলেছুর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, ৩ নং ওয়ার্ড কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম (হাইনুর), ৩ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদেক, আজাদ, রাসেল মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ক্লাবের আহ্বায়ক হিসেবে মোঃ জুয়েল মিয়াকে এবং সদস্য সচিব হিসেবে মোঃ সিফাতকে নির্বাচিত করা হয়। এছাড়াও ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়রা জানান, “মহেশপুর নামাপাড়া রয়েল স্টাইকার্স ক্লাব” এলাকার তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সমাজসেবা, খেলাধুলা ও মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।








