খাগড়াছড়ি ও রাঙামাটির সীমান্ত গ্রামে ইউপিডিএফ কর্মী নিহত
বিপ্লবতালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীঘিনালা ও বাঘাইছড়ি উপজেলার মধ্যবর্তী শুকনাছড়ি গ্রামে আঞ্চলিক সংগঠনের একজন নিহত হয়েছেন।
শনিবার (৯ মে ২০২৬) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯)। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেতকাবা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশের ধারণা, জনসংহতি সমিতি (সংস্কারপন্থী) অংশের সাথে মূল ইউপিডিএফ'র সংঘাতেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেগেরা চাকমা আরও একজনের সঙ্গে শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে রাতযাপন করেন। শনিবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর হামলাকারীরা জোড়াব্রীজ এলাকার হাঙগরিমা ছড়া হয়ে তারাবুন্যা এলাকার দিকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ইউপিডিএফ'র পক্ষ থেকে নিহত তরুণ চাকমাকে নিজেদের কর্মী দাবি করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাজেকের কয়েকটি স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছে। তাঁরা অভিযোগ করেন, ঘটনার আগে রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একদল সশস্ত্র ব্যক্তি দীঘিনালা সদরের কলেজটিলা এলাকা থেকে শুকনোছড়া এলাকায় গিয়ে অবস্থান নেয়। পরে ভোরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছে।
সাজেক থানার ওসি তোফায়েল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মরদেহ উদ্ধারের কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে কাজ করছে।








