চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২১ এএম
চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

ইব্রাহিম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় তুষার (৩৫) নামে এক যুবককে গাছে বেঁধে চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

গত ১০ মে নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার তুষার স্থানীয় নাজিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকায় চুরির অভিযোগে পরিচিত ছিলেন বলে দাবি করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তুষারকে একটি গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করছে। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তা ও অপমান করতেও দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

স্থানীয়দের ভাষ্য, চুরির সন্দেহে তুষারকে আটক করার পর কয়েকজন ব্যক্তি তাকে প্রকাশ্যে নির্যাতন করে। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সচেতন নাগরিকরা বলছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে গাছে বেঁধে নির্যাতন করা গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কলটি রিসিভ না করায়, তার বক্তব্য পাওয়া সম্ভব হয় নি।

এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।