পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শার্শায় ফারিয়ার মানববন্ধন
আতিকুজ্জামান, শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শায় ওষুধ কোম্পানির প্রতিনিধি বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক শার্শা শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), শার্শা অঞ্চল শাখা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের অন্যতম উচ্চশিক্ষিত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা যথাযথ সম্মান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা পাচ্ছেন না।
মানববন্ধনে ফারিয়া শার্শা অঞ্চলের নেতৃবৃন্দ বলেন, "আমরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। অথচ বিভিন্ন সময় আমাদের অবজ্ঞার চোখে দেখা হয় এবং কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। আমরা চাই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের পেশার মর্যাদা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শাতেও একযোগে এই ‘প্রতিবাদী মানববন্ধন’ পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন ওষুধ কোম্পানির বিপুল সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন।









