মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মঠবাড়িয়ায় ফারিয়ার মানববন্ধন
মো.মেহেদী হাসান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পেশাগত দায়িত্ব পালনের সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ সম্বোধন ও নানাভাবে অবমাননার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর মঠবাড়িয়া উপজেলা শাখা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
সম্প্রতি মঠবাড়িয়া পৌরসভার সামনের সড়কে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা একত্রিত হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা একটি বড় ব্যানার প্রদর্শন করেন, যেখানে তাদের প্রধান দাবি ও বক্তব্যগুলো তুলে ধরা হয়। তাদের মূল বক্তব্যগুলো হলো, “আমরা ঔষধের বার্তাবাহক, কোনো দালাল নই, স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমাদের সম্মান করতে হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা করতে হবে। আমাদের বিরুদ্ধে সব ধরনের মিথ্যা অপবাদ বন্ধ করতে হবে।”
মানববন্ধন চলাকালে ফারিয়া, মঠবাড়িয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ মাইকে বক্তব্য রাখেন। ফারিয়ার মঠবাড়িয়া শাখার সভাপতি মাসুদ ফরাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। তারা দিনরাত পরিশ্রম করে চিকিৎসকদের কাছে নতুন এবং প্রয়োজনীয় ওষুধের তথ্য পৌঁছে দেন। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এই ধরনের অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে এই হয়রানি বন্ধ করে স্বাধীনভাবে ও সম্মানের সাথে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে মঠবাড়িয়া উপজেলায় কর্মরত প্রায় সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা, ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএস মঠবাড়িয়া এর প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের অধিকার আদায়ের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।








