খুলনায় বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা
নিজেস্ব প্রতিবেদক: খুলনার লবণচরা এলাকায় গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরার দশগেট এলাকায় নিজ বাসার কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত গাজী রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় বসে ছিলেন রফিক। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, “কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো কারণ এ ঘটনার পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।









