অস্ত্র ও রসদ সরবরাহ চক্রে আঘাত: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ৩টি ওয়ান শুটার গান

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
অস্ত্র ও রসদ সরবরাহ চক্রে আঘাত: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ৩টি ওয়ান শুটার গান

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনের জলদস্যু ও বাহিনীকেন্দ্রিক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে র‍্যাব-৬। বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মো. সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার হেফাজত থেকে দেশীয় তৈরি তিনটি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল উপজেলার গ্রীনখালী দিগরাজপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৬-এর একটি বিশেষ দল অভিযানে অংশ নিয়ে সবুর শেখকে আটক করে।

তল্লাশির সময় তার কাছে থাকা একটি কালো প্লাস্টিকের পলিথিন মোড়ানো ব্যাগ থেকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি সুন্দরবনের জলদস্যু বাহিনীর সদস্য ‘ছোট ভাইগ্যার’ বাহিনীর কাছে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রামপাল থানায় পূর্বের দুটি মামলার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।