কুতুবদিয়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, প্রথম ধূরুং আদর্শ স্কুল অ্যান্ড কলেজ

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:২৩ পিএম
কুতুবদিয়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, প্রথম ধূরুং আদর্শ স্কুল অ্যান্ড কলেজ

কুতুবদিয়া প্রতিনিধি:

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জন সম্ভব হবে।”

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর মডেল, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং বাস্তবমুখী গবেষণাধর্মী প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক ইশতেহাদুল ইসলাম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার, সহকারী শিক্ষক খাদেমুল ইসলাম, কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বদরুল আনাম মুবিন এবং কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম।

এসময় সাংবাদিক আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আওতায় প্রথমবারের মতো কুতুবদিয়ায় এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ধূরুং আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।