খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজ শিশুটির বয়স আনুমানিক সাত বছর। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শিশুটি দিঘির ঘাট এলাকায় হাত-মুখ ধোয়া অথবা গোসলের উদ্দেশ্যে পানির কাছে গেলে হঠাৎ একটি কুমির তাকে পানির ভেতরে টেনে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, শিশুটির সঙ্গে তার মা উপস্থিত ছিলেন। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিশুটির মা মানসিকভাবে সুস্থ নন। এ কারণে ঘটনাটি ঘটার সময় পরিস্থিতি তাৎক্ষণিকভাবে তিনি অনুধাবন করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও জানা গেছে, মা ও শিশু ওই সময় সাধারণ দর্শনার্থী হিসেবে সেখানে যাননি; তারা মাজার এলাকায় অবস্থান করতেন। ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সাফল্য পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাজার এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের মধ্যে কুমিরের উপস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ৮ এপ্রিল একই দিঘিতে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা আলোচনায় আসে। ওই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার কিংবা তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।








