কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোয় তিনজনকে জরিমানা

প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১০:০০ পিএম
কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোয় তিনজনকে জরিমানা

সউদ আব্দুল্লাহ,  কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় সড়কের ওপর ধান মাড়াই ও খড় শুকিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি করায় তিন ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ জুন) বিকেলে উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালাই পৌরসভার শিমলতলী গ্রামের মৃত হারেজের ছেলে সাইদুর রহমান, সরাইল গ্রামের ছাত্তার মণ্ডলের ছেলে আনিসুর রহমান এবং উপজেলার পুনট গ্রামের আক্কাছ আলীর ছেলে আবু বক্কর। এর মধ্যে সাইদুর রহমানকে এক হাজার টাকা এবং অপর দুইজনকে ৫০০ টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে বোরো ধান কাটার মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা সড়কের ওপর ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করছেন। এতে অনেক স্থানে সড়কের উল্লেখযোগ্য অংশ দখল হয়ে যাচ্ছে। ফলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি পথচারীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের জন্য এটি মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে সড়কে খড় ও ধান ছড়িয়ে রাখার কারণে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে কালাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েকজন ব্যক্তি আঞ্চলিক সড়কের ওপর ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করছেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব বলেন, সড়ক কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। সড়কের ওপর ধান মাড়াই, খড় শুকানো কিংবা যেকোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব কর্মকাণ্ডের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯(ট) ধারায় তিন ব্যক্তিকে মোট দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, সড়কের ওপর ধান ও খড় শুকানোর প্রবণতা বন্ধ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়। তাই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের দাবি জানিয়েছেন তারা।