৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল আরএমপি
রাজশাহী ব্যুরো:
রাজশাহীকে আরও নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপি সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ভালো মানুষের জন্য রাজশাহীকে আরও বসবাস উপযোগী করে তুলতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আন্তরিকভাবে কাজ করছে। ৩৪ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
বক্তব্য শেষে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভূমিমন্ত্রী। পরে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সদর দপ্তরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।









