গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারীর এক বিদ্যালয়ে ঝটিকা অভিযান, ১৪টি নিষিদ্ধ গাইড বই জব্দ

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারীর এক বিদ্যালয়ে ঝটিকা অভিযান, ১৪টি নিষিদ্ধ গাইড বই জব্দ

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন প্রকাশনীর ১৪টি নিষিদ্ধ ঘোষিত গাইড বই জব্দ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ।

বুধবার (১ জুলাই ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন থেকে বইগুলো জব্দ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের নিষিদ্ধ ঘোষিত কিছু গাইড বই কেনার জন্য উৎসাহিত করছেন। এমন তথ্য পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শক্রমে তিনি আকস্মিক এ অভিযান পরিচালনা করেন।

তিনি আরও বলেন, শিক্ষক মিলনায়তনে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকাশনীর মোট ১৪টি নিষিদ্ধ গাইড বই উদ্ধার করা হয়। বইগুলো জব্দ করে উপজেলা কার্যালয়ে আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সরকার শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পাঠ্যবইভিত্তিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্দিষ্ট কিছু গাইড বই নিষিদ্ধ করেছে। এসব বইয়ের ব্যবহার শিক্ষার্থীদের মুখস্থনির্ভর করে তুলতে পারে এবং পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাই নিষিদ্ধ বইয়ের ব্যবহার বন্ধে শিক্ষা প্রশাসনের তদারকি গুরুত্বপূর্ণ।

তবে এ বিষয়ে অভিযুক্ত বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নিষিদ্ধ গাইড বই বিক্রি, সংরক্ষণ বা শিক্ষার্থীদের কিনতে উৎসাহিত করার অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।