হকারদের ব্যবস্থাপনায় নতুন নীতিমালা, অঞ্চলভিত্তিক দেয়া হবে লাইসেন্স
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
হকারদের ব্যবস্থাপনায় নতুন নীতিমালা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। নতুন নীতিমালার আওতায় হকারদের নিবন্ধনের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় বসার সুযোগ দেওয়া হবে এবং অঞ্চলভিত্তিক লাইসেন্স দেয়া হবে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে নগর ভবনে হকার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান ডিএসসিসি প্রশাসক।
আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে হকারদের শৃঙ্খলার মধ্যে আনা হবে। নিবন্ধনের মাধ্যমে যে হকারকে যে এলাকায় বসার জন্য জায়গা দেওয়া হবে, তিনি নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বসতে পারবেন না।
তিনি জানান, হকারদের কাছ থেকে সিটি করপোরেশন এককালীন নিবন্ধন ফি হিসেবে ৫ হাজার টাকা নেবে। এছাড়া প্রতিবছর নিবন্ধন নবায়নের জন্য আড়াই হাজার টাকা ফি দিতে হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, যেসব এলাকায় ফুটপাত তুলনামূলকভাবে প্রশস্ত, সেখানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শুক্র ও শনিবার কিছু বড় সড়কে হকারদের বসার অনুমতি দেওয়া হবে। যেসব সড়কে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম, সেসব স্থানেও হকারদের জন্য জায়গা নির্ধারণ করা হবে।
তিনি বলেন, নতুন ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো হকারদের জীবিকা নিশ্চিত করার পাশাপাশি নগরীর ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
এমকে/বিএম২৪









