বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।


সোমবার (১৭ আগস্ট) হত্যা চেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের জামিন বহাল রাখেন।


আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজু। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।


এর আগে গত ১০ আগস্ট বনানী থানার মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে গত ৮ জুলাই তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন খায়রুল হক। শুনানি শেষে ১০ আগস্ট আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল।


মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে তাদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন।


এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আসামি করা হয়েছে।



এমকে/বিএম২৪