এয়ারটেলের নাম বদল, এল ‘সার্কেল’

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম
এয়ারটেলের নাম বদল, এল ‘সার্কেল’

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



দেশের তরুণদের কাছে জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে। এখন থেকে এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’।


সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডের উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।


রবি জানিয়েছে, এয়ারটেলের ১৬ বছরের পথচলার ধারাবাহিকতায় নতুন পরিচয়ে ‘সার্কেল’ আত্মপ্রকাশ করেছে। তবে নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সেবা ও অপারেটরের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না।


এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হয়ে যাবেন। তাদের ০১৬ নম্বর, বিদ্যমান প্যাকেজ, ব্যালান্সসহ অন্যান্য সেবা আগের মতোই চালু থাকবে। এ জন্য গ্রাহকদের আলাদাভাবে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।


শুধু মোবাইল সেবাই নয়, গ্রাহকদের এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও ব্যক্তিগত তথ্যও আগের মতো নিরাপদ ও সচল থাকবে বলে জানিয়েছে রবি।


তরুণ প্রজন্মকেন্দ্রিক এয়ারটেলের পরিচয়কে ভিত্তি করে সার্কেলকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ভবিষ্যতমুখী প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে গ্রাহকদের সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।


‘আসল সংযোগ, সবসময় সচল’—এই প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে সার্কেল। বিনোদন, গেমিং ও কনটেন্ট তৈরি থেকে শুরু করে তরুণদের দৈনন্দিন ডিজিটাল কার্যক্রমে নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়াকে গুরুত্ব দিচ্ছে নতুন ব্র্যান্ডটি।


অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই পথচলারই পরবর্তী ধাপ।


তিনি বলেন, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের প্রতি মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। শুধু আরও বেশি মানুষকে সংযুক্ত করাই নয়, সেই সংযোগকে আরও অর্থবহ করে তোলাই এখন গুরুত্বপূর্ণ।


রবি আরও জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন। নতুন পরিচয়ে সার্কেল বাংলাদেশের ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখবে।



এমকে/বিএম২৪