রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বৃহস্পতিবার, প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বৃহস্পতিবার, প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার প্রায় ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।


মঙ্গলবার বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। এরপর নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের ভোটের বিস্তারিত প্রক্রিয়া জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।


ইসি সচিব জানান, ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ হবে। ভোট শুরুর আগে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে নির্দেশনা দেবেন।


তিনি বলেন, মঙ্গলবারই রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপার প্রস্তুত করা হবে। এতে থাকবে মুড়ি অংশ ও মূল ব্যালট পেপার। মুড়ি অংশে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে। নির্ধারিত স্থানে পূর্ণ নাম ও স্বাক্ষর দিয়ে সংসদ সদস্যরা ব্যালট সংগ্রহ করবেন।


মূল ব্যালট পেপারের ডান পাশে বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী দুই প্রার্থীর নাম ছাপা থাকবে। প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা পূর্ণ নাম ও স্বাক্ষর দিয়ে ভোট দেবেন। এরপর ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। বিকেল ৫টা পর্যন্ত ব্যালট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা। ব্যালট পেপারের রং হবে সাদার ওপর কালো প্রিন্ট।


রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। ভোটগ্রহণ শেষে সংসদকক্ষেই ভোট গণনা করা হবে। এরপর নির্বাচনী কর্তা সেখানেই ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।



এমকে/বিএম২৪