বন্যার্তদের নতুন ঘরের চাবি দিতে বাঁশখালীতে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম
বন্যার্তদের নতুন ঘরের চাবি দিতে বাঁশখালীতে প্রধানমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিতে চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কর্মসূচি শেষে হেলিকপ্টারে করে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।


এর আগে সকালে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।


প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন সুধী সমাবেশস্থলে মানুষের ভিড় বাড়তে থাকে। বাঁশখালী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে সেখানে জড়ো হন। দুপুর ১২টার আগেই বিশাল প্যান্ডেলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


বাঁশখালীতে প্রধানমন্ত্রী বন্যায় ঘর হারানো ১০০টি অসচ্ছল পরিবারের মধ্যে নতুন নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।


চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, বাঁশখালী পৌরসভা ও নয়টি ইউনিয়ন থেকে ১০টি করে মোট ১০০টি অসচ্ছল পরিবারকে এ জন্য নির্বাচিত করা হয়েছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। এতে দুটি কক্ষের পাশাপাশি রয়েছে ৫ ফুট বাই ৫ ফুটের একটি সংযুক্ত শৌচাগার।


উপকূলীয় এলাকার প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে ঘরগুলো নির্মাণে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে।


চাবি হস্তান্তর অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুকে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।


বাঁশখালীর কর্মসূচি শেষে হেলিকপ্টারে ফটিকছড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন।


পরে তিনি হাটহাজারীতে যাবেন। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা পরিদর্শন এবং সাবেক আমির আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন।


এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের ঘর নির্মাণের জন্য পরিবারপ্রতি ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যেও অনুদান বিতরণ করা হবে।


দিনের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মী এবং তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।



এমকে/বিএম২৪