খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
সূত্রঃ সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
নানা আয়োজনে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে এ দিবস উপলক্ষে জেলা শহরের চেঙ্গী স্কয়ার চত্বরের খোলা মঞ্চে নৃত্য পরিবেশন করেন আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা। এ সময় তারা গান ও নৃত্যের মধ্য দিয়ে নিজস্ব সংস্কৃতি ও অধিকারের দাবি ফুটিয়ে তোলেন।
পরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়।
পরে মারমা উন্নয়ন সংসদ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস কমিটির আয়োজিত সমাবেশে উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী প্রীতিময় চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল সুমন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, লেখক ও গবেষক অনিম নওশাদ, বা.জ.স. সভাপতি মাহফুজুর রহমান শামীম এবং পানছড়ি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা।
এ সময় বক্তারা পাহাড় ও সমতলে বসবাসকারী জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। এ সময় তারা অবিলম্বে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি অধিকার নিশ্চিত করা, পাহাড়ি নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন এবং পার্বত্য জেলা পরিষদগুলোতে নিয়োগ-বাণিজ্য বন্ধের দাবি জানান।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন।
এমকে/বিএম২৪









