পাকিস্তান-তুরস্ককে হুতিদের কঠিন হুঁশিয়ারি
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ‘মক্কা চুক্তি’ নামে সামরিক জোট গঠনের একদিন পরই এই হামলার ঘটনা ঘটল।
চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি সদস্যের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ফলে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলার ঘটনায় তুরস্ক ও পাকিস্তানও সামরিকভাবে যুক্ত হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে পাকিস্তান ও তুরস্ককে সতর্ক করে হুতিরা জানিয়েছে, ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন কিংবা দেশটির জনগণের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসনে জড়ালে তাদের কঠোর জবাব দেওয়া হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুতি কমান্ডাররা সতর্ক করে বলেছেন, পাকিস্তান ও তুরস্ক যদি ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের পরিকল্পনা করে এবং সৌদি আরবের আগ্রাসনের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাদের ‘কঠিন শিক্ষা’ দেওয়া হবে।
হুতিদের এই হুঁশিয়ারির মধ্য দিয়ে সৌদি আরবের বিরুদ্ধে সামরিক উত্তেজনা আরও বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে সৌদির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও তেল পরিবহন অবকাঠামোতে হামলা অব্যাহত রাখার হুমকিও এতে স্পষ্ট হয়েছে।
সৌদি আরবের পাশাপাশি ইয়েমেনে দেশটির মিত্র সরকারি বাহিনীর অবস্থানেও হামলা চালাচ্ছে হুতিরা। সম্প্রতি মারিব ও হাদরামাউত এলাকায় টানা কয়েক ঘণ্টা হামলা চালানোর খবর পাওয়া গেছে। নতুন করে মারিব ও তাইয়িব এলাকাতেও সংঘর্ষ শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইয়েমেনে প্রায় ১২ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। সাম্প্রতিক কয়েক বছরে সংঘাত অনেকটা কমে এলেও নতুন করে লড়াই শুরু হলে পরিস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নেওয়া হলে ইয়েমেনের সংকট আরও জটিল হতে পারে।
সূত্র: আলজাজিরা
এমকে/বিএম২৪









