প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে কঠোর নজরদারির সুপারিশ

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে কঠোর নজরদারির সুপারিশ

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


প্রবাসী কর্মীরা দেশে ফেরার পর বিমানবন্দরে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারির সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।


একই সঙ্গে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব পালনে ব্যত্যয় রোধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।


বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সভাপতি-সদস্যদের সঙ্গে মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়।


বৈঠকে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন বাংলাদেশি কর্মী গেছেন। তাদের মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন।


একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।


এ ছাড়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও কমিটিকে অবহিত করা হয়।


বৈঠকে আরও জানানো হয়, বর্তমানে সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি। এর মধ্যে সচল রয়েছে ২ হাজার ১৮৭টি। এসব এজেন্সি এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মূলত বিদেশে কর্মী পাঠানো হচ্ছে।


বৈঠকে কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম অংশ নেন।


এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪