নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক



বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।


বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তার পথচলা ঘনিষ্ঠভাবে যুক্ত।


তিনি বলেন, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, সংকটময় সময়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা মির্জা ফখরুলকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করে দিয়েছে।


ড. ইউনূস আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও বৃদ্ধি করবে।


তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে।


শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।




এমকে/বিএম২৪