জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
এ আর সুমন, অষ্টগ্রাম প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম পরিচালিত হয়।
আলোচনা সভায় ২০২৪ সালের ছাত্র-নাগরিক অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ মিয়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে ২০২৪ সালের ছাত্র-নাগরিক অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত অষ্টগ্রামের দুই যুবক তনয় দাস ও ইমনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ দুই যুবকের মায়েরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। সরকারি নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী আপনাদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে আমার পক্ষ থেকে যা যা করা সম্ভব, আমি তা করে যাব। আপনাদের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
এ সময় উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সম্মান জানান।
সভা শেষে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।









