আর্জেন্টিনার খেলা ঘিরে চাঁদাবাজির পরিকল্পনা ভেস্তে দিল ডিবি, পাবনায় ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
আর্জেন্টিনার খেলা ঘিরে চাঁদাবাজির পরিকল্পনা ভেস্তে দিল ডিবি, পাবনায় ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

 পাবনা প্রতিনিধি:

পাবনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ এক চিহ্নিত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ভোজের খরচ জোগাতে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের পরিকল্পনার অংশ হিসেবে এসব অস্ত্র মজুত রাখা হয়েছিল।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মণ্ডলপাড়া এলাকার পরীর মাঠ সংলগ্ন ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজের পাশে অভিযান চালায়। এ সময় রাশেদুলের চা ও মুদি দোকানের সামনে থেকে সন্দেহভাজন মো. রাতুল ইসলাম (২৩)কে আটক করা হয়।

পরে তার কাঁধে ঝোলানো একটি কালো সাইড ব্যাগ তল্লাশি করে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড ৭.৬৫ বোরের তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রাতুল ইসলাম পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি রাসেল ইসলামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল জানান, তার কয়েকজন সহযোগী আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপলক্ষে ভোজের আয়োজনের জন্য স্থানীয় ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। এ সময় স্থানীয় মুদি ব্যবসায়ী মো. জাকির হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তারা সরে গেলেও রাতের খেলার সময় জাকিরের ওপর হামলা বা বড় ধরনের ক্ষতির পরিকল্পনা করে। সেই উদ্দেশ্যে পলাতক সহযোগীরা অস্ত্রভর্তি ব্যাগ রাতুলের কাছে রেখে যায় বলে পুলিশকে জানায় সে।

পুলিশ জানায়, অভিযানের সময় অন্য সহযোগীরা পালিয়ে গেলেও রাতুলকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, একটি কালো সাইড ব্যাগ এবং একটি সিম্ফনি Z28 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।