চবিতে রেজিস্ট্রার পদে পরিবর্তন, দায়িত্ব পেলেন হাছান মিয়া

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
চবিতে রেজিস্ট্রার পদে পরিবর্তন, দায়িত্ব পেলেন হাছান মিয়া

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে পরিবর্তন আনা হয়েছে। বিদ্যমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতির আবেদন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুনভাবে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ৭ জুলাই ২০২৬ তারিখে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন শেষে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই আদেশে রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. হাছান মিয়াকে ১৬ জুলাই ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।