চবিতে 'গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ২০২৬" অনুষ্ঠিত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ শিক্ষা ও টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা বাড়াতে দিনব্যাপী ‘গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘Be Part of the Change Together, For a Greener Tomorrow’ প্রতিপাদ্যে আজ রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ সামিটের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। ‘Understanding Green Campus’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের বিষয় নয়; প্রকৃত শিক্ষা তখনই সফল হয়, যখন তা মানুষের আচরণ ও চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনে। পরিবেশ শিক্ষা মানুষের জীবনযাপন, মূল্যবোধ ও দায়িত্ববোধে পরিবর্তন এনে পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে শেখায়। উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি করে ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলা কখনোই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নিলে একসময় প্রকৃতিই কঠোর প্রতিক্রিয়া দেখায়। তাই সংঘাত নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস পরিবেশ শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব এবং সহ-সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক। স্বাগত বক্তব্য দেন আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাসপিয়া।
এ সময় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, ইপসার প্রতিনিধি, সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা এবং পরিবেশপ্রেমী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তামান্না ও উর্মী অনুষ্ঠান সঞ্চালনা করেন। সামিটে বিভিন্ন বিভাগের শিক্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে পরিবেশ শিক্ষা, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন।









