চট্টগ্রামে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম
চট্টগ্রামে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের পটিয়ায় পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এ সময় একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায় তারা।


রোববার (৩০ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর আলী মিয়ার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি প্রবাসী মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ নুরুল ইসলামের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা সম্পর্কে তারা জানতে পেরেছেন। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাড়ির পাশে ফসল পাহারা দিতে বের হন কৃষক মোহাম্মদ সিরাজ। এ সুযোগে আগে থেকে ওত পেতে থাকা ডাকাতদল ঘরে প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেয়। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে।


ডাকাতরা প্রথম বাড়ি থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা নিয়ে যায়। এরপর নুরুল ইসলামের মা রাজিয়া বেগমের গলায় ছুরি ধরে পাশের প্রতিবেশী সিরাজের ঘরের দরজা খুলতে বাধ্য করে। ওই ঘরে ঢুকে আরও প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে তারা। যাওয়ার সময় দ্বিতীয় তলায় থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায়।


প্রবাসী নুরুল ইসলাম রুবেল বলেন, ডাকাতরা প্রথমে পুলিশ পরিচয় দিয়েছিল। পরে তিনি বুঝতে পারেন তারা ডাকাত। এ সময় ধস্তাধস্তি করলে তাকে চড়-থাপ্পড় মারা হয়। ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র ছিল বলেও জানান তিনি।


স্থানীয় বাসিন্দা ফাহিম জানান, ডাকাতরা চলে যাওয়ার পর নুরুল ইসলাম প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।


স্থানীয়দের ভাষ্য, ডাকাতরা এলাকায় প্রবেশের সময় চাকরি থেকে বাড়ি ফেরার পথে পিকআপচালক তারেককেও জিম্মি করে। ডাকাতির খবর যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সে কারণেই তাকে জিম্মি করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।


স্থানীয়রা আরও অভিযোগ করেন, পটিয়ায় সাম্প্রতিক সময়ে একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বেড়েছে।


এমকে/বিএম২৪