কুতুবদিয়ায়শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০২:৫৭ পিএম
কুতুবদিয়ায়শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বড়ঘোপ বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোসাইন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে দেশের পুনর্গঠন, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে তাঁর অবদান আজও দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

বক্তারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, গ্রামীণ উন্নয়ন, কৃষি ও শিল্পখাতের বিকাশে জিয়াউর রহমানের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন তারা।

অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।