অবৈধ অভিবাসন কমলে বৈধভাবে ইউরোপে কাজের সুযোগ বাড়বে: শামা ওবায়েদ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
অবৈধ অভিবাসন কমানো গেলে ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দক্ষ শ্রমিকদের সরকারি-সরকারি (জি-টু-জি) ব্যবস্থায় পাঠানো সম্ভব হলে গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের পথ আরও সুগম হবে।
শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গ্রিসের সঙ্গে পাঁচ বছরে প্রতিবছর চার হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার চুক্তি থাকলেও ভিসা জটিলতায় গত দুই বছরে নির্ধারিত সংখ্যক শ্রমিক পাঠানো সম্ভব না হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন বন্ধে সরকার তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করেছে। অবৈধভাবে ইউরোপে লোক পাঠানোর সঙ্গে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, অবৈধ অভিবাসন সমস্যার সমাধান না হলে এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন কঠিন। সরকার এ সমস্যা মোকাবিলায় বদ্ধপরিকর। অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পর্যায় থেকে কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যৌথভাবে কাজ করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন কমানো গেলে বৈধ অভিবাসনের সুযোগ বাড়বে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে।
এমকে/বিএম২৪









