হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৯৬

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৯৬

সংগৃহীত

 নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৯ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২১ জন, বরিশালে ২০৫ জন, সিলেটে ১২৩ জন, খুলনায় ৭৫ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৪৭ জন এবং রাজশাহীতে ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১২২ জনের।

এমকে/বিএম২৪