পঞ্চগড়ে দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা নেই, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা
সংগৃহীত
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি
সার্বজনীন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন এসআরবি’র রংপুর অঞ্চলের (১৩ নম্বর ব্যাটালিয়ন) সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মো. আবু রোহানী পারভেজ রনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্য কোনো মাধ্যমে গুজব ছড়ালে কঠোর ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মো. আবু রোহানী পারভেজ রনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজাকে ঘিরে গুজব শনাক্ত করা এবং তথ্যের সত্যতা যাচাই করতে এসআরবি’র একটি বিশেষ দল সার্বক্ষণিক মাঠপর্যায়ে কাজ করছে।
তিনি সাধারণ মানুষকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি গুজব প্রতিরোধে তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।
পরিদর্শনকালে এসআরবি’র অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক রনিক চন্দ্র এবং স্থানীয় পূজামণ্ডপের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








